দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হানকে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের দায়ে গত শনিবার জেলা পরিষদের ডাকবাংলো থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় শফিকুর রায়হানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ৩টায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক সাংবাদিকদের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
শফিকুর রায়হানকে আটকের বিষয়ে গত সোমবার দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে এ ঘটনায় দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া তার বিরুদ্ধে চাল চুরিসহ নানা অপকর্মের পাঁচটি মামলা চলমান।