চীনে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় অ্যাপল

চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবসার পথ বন্ধ হওয়ায় বেইজিংয়ের বাজারে নিজেদের ফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে অ্যাপল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে আইফোনের অ্যাপস্টোর থেকে উইচ্যাট সরিয়ে ফেলতে হতে পারে। যদি তাই হয়, তবে আইফোন ব্যবহার করা লাখ-লাখ চীনা হুয়াওয়ের দিকে ঝুঁকে পড়বেন।

পশ্চিমা কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল একমাত্র ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান যারা চীনে ব্যবসা করছে। তাদের ২০ শতাংশ লাভ আসে এই দেশটি থেকে।

‘অ্যাপল যদি আইফোন থেকে উইচ্যাট সরিয়ে ফেলে তাহলে আমি হুয়াওয়েতে চলে যাবো,’ মন্তব্য করে চীনের এক ব্যবহারকারী সিএনএনকে বলেন, ‘চীনে উইচ্যাট থাকতেই হবে। এখনকার দিনে এটি আমাদের জীবন-যাপনের অবিচ্ছেদ্য অংশ।’

চীন সরকারের সঙ্গে উইচ্যাটের মতো অ্যাপগুলোর যোগসূত্র আছে বলে কয়েক বছর ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প। সম্প্রতি তিনি বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো টিকটক।

বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি মাইক্রোসফট এবং টুইটার কেনার চেষ্টা করছে।