কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও রিশান গ্রুপের চেয়ারম্যান ডি. জে. শাকিলকে গ্রেপ্তার করেছে বগুড়া ডিবি পুলিশ।
বুধবার বিকেলে দুই সহযোগীসহ উপজেলা পরিষদ গেট সংলগ্ন রিশান গ্রুপের প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অফিসের কম্পিউটার ও কয়েকটি ফাইল জব্দ করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর এমরান আহমেদ তুহিন বলেন, ডি.জে. শাকিল চাকরি বাজার পত্রিকায় ইন্টারন্যাশনাল লোন সার্ভিসের নামে একটি বিজ্ঞাপন দেন। এতে আকৃষ্ট হন বগুড়ার আমায়রা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. আমানত উল্লাহ তারেক ও অভি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. আশিক দৌলতানা। তাদের লোন পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লাখ ৩৫ হাজার টাকা নেয় ডি.জে. শাকিল। এরপর তাদের বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সাড়ে চার কোটি টাকার দুটি চেক দেন। ব্যাংকে জমা দেওয়ার পর তারা জানতে পারেন চেকগুলো ভুয়া এবং তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে তারা এ বিষয়ে বগুড়া ডিবি কার্যালয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতেই ডি.জে শাকিল, রিশান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ন কবির লিমন ও ম্যানেজার মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।