অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৈঠক করবেন। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে টিকা যেখান থেকে পাওয়া যাবে, সেখান থেকেই নিতে হবে। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘যে উৎসের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা দ্রুত পাওয়া যাবে, সে উৎসের সঙ্গেই যোগাযোগ করতে হবে। তবে কীভাবে টিকা সংগ্রহ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আমার পক্ষে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
স্বাস্থ্যমন্ত্রীকে টিকা সংগ্রহের জন্য একটি উৎসের ওপর নির্ভর না করার ব্যক্তিগত পরামর্শ দিয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘একটি উৎসের ওপর নির্ভর করলে এটা পাওয়া কঠিন হবে। যেসব দেশ ভ্যাকসিন তৈরি করছে, তাদের সঙ্গে অনেক দেশ চুক্তিবদ্ধ হয়েছে, অগ্রিম টাকাও দিয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বললাম, আমাদেরও এ ধরনের ব্যবস্থায় যেতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আসল কথা হচ্ছে, পিছিয়ে থাকলে হবে না। যেখান থেকে টিকা পাওয়া যাবে, সেখান থেকেই নিতে হবে। রাশিয়া এরই মধ্যে টিকা প্রয়োগ করেছে। মনে হয় তা শিগগির বাজারে আসবে। রাশিয়া থেকে টিকা পাওয়ার জন্যও যোগাযোগ করতে হবে। টিকা কেনার জন্য বাজেটে কিছু অর্থও বরাদ্দ রাখা হয়েছে।’