বঙ্গবন্ধু সাংবাদিকদের বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন : তথ্যমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকবান্ধব ছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘তিনি সাংবাদিকদের বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন। কিন্তু ২০০৬ সালে খালেদা জিয়া কলমের এক খোঁচায় সাংবাদিকদের বিশেষ মর্যাদার আসন থেকে শ্রমিক বানিয়ে দিয়েছেন।’

গতকাল বুধবার রাজধানীর কাকরাইলের পিআইবি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই মহামারীকালে সরকার সাংবাদিকদের সহায়তায় এগিয়ে এসেছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০০ সাংবাদিককে সহায়তা দেওয়া হয়েছে। দলমত-নির্বিশেষে এই সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা প্রেস ক্লাবের গেটে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করে, তাদেরও সহায়তা করা হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, বাঙালি জাতির জন্য আগস্ট একটি শোকের মাস। পঁচাত্তর-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল; কিন্তু সেটা সম্ভব হয়নি। তিনি আরও আলোকিত হয়ে উঠেছেন। পুরো মানচিত্র জুড়েই রয়েছেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম কবীর প্রমুখ।