পিইসিতে অটো পাসের চিন্তা নেই : প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) আপাতত অটো পাসের চিন্তা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব হলে কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে পিইসি পরীক্ষা নেওয়া হবে। আর দেরিতে খুললে স্কুলে স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’

গতকাল বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পিইসি পরীক্ষার জন্য যে পাঠদানের সময় দরকার, তা আর পাওয়া যাচ্ছে না। সেপ্টেম্বরে স্কুল খুলে দেওয়া সম্ভব হলে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া যেত। কিন্তু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারব কি না সেটাই তো বলা যাচ্ছে না।’

জাকির হোসেন বলেন, ‘অক্টোবর-নভেম্বরে খোলা সম্ভব হলে স্কুলে স্কুলে মূল্যায়নের ভিত্তিতে হয়তো ৫০ নম্বরের এমসিকিউ নেওয়া যেত। তবে নভেম্বরের মধ্যেও স্কুল খোলা সম্ভব না হলে বিকল্প ভাবতে হবে। তবে অটো পাসের কোনো চিন্তা নেই। যদিও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে মাধ্যমিক এবং আমাদের সিনিয়র সচিব এ বিষয়ে আলোচনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে আমাদের তিনটি পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাব। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই আমরা বাস্তবায়ন করব। পরীক্ষার কোনো বিকল্প নেই।’