মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ পোস্তদানা জব্দ

মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আনা আমদানি নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস।

বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা ৪টি কন্টেইনার খুলে মালামালগুলো জব্দ করেন। এ সময় আমদানিকারক প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন প্রতিনিধি, শিপিং এজেন্ট প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্স এর প্রতিনিধি এবং মোংলা বন্দরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় দেখা যায়, সেগুলোর মধ্যে ঘোষণা বহির্ভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যের এই ৪টি কন্টেইনারে ফুটবল, টেনিস বল আনার ঘোষণা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানের। আমদানিকারকেরা ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল ৫ টন। আর সেখানে পোস্তদানা আনায় প্রতিটি কন্টেইনারে ১৭ থেকে ২০ মে: টন ওজন দাঁড়িয়েছে।

কন্টেইনারের ওজন পরিমাপ করতে গিয়ে ঘোষণার সঙ্গে মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে কন্টেইনার ৪ টি ওপেন করা হয়। ওপেন করা মাত্র বেরিয়ে আসে ঘোষণা বহির্ভূত নিষিদ্ধ আমদানি পণ্য পোস্তদানা। কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে। 

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. সামসুল আরেফিন খান বলেন,  মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার সোয়ারী ঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চক বাজারের আয়েশা ট্রেডার্স এ পণ্য আমদানি করেছে। কন্টেইনার ওপেনের সময় তাদের পত্র দেওয়ার পাশাপাশি টেলিফোনে উপস্থিত থাকার জন্য বলা হলেও তারা উপস্থিত হননি। এ পণ্য নিয়ে এখন পরীক্ষণ চলছে, এটি শেষ হলে কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।