বার্সেলোনায় যাচ্ছেন রোনালদো, খেলবেন মেসির পাশে!

জুভেন্তাসে খেলে মন ভরছে না ক্রিস্তিয়ানো রোনালদোর! ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার পর টানা দুই মৌসুমে লিগ শিরোপা জিতেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দল ব্যর্থ। পর্তুগিজ তারকা তাই তুরিন ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন বলে গুঞ্জন। তার নতুন ঠিকানা কোথায় হবে সে নিয়েই এখন যত জল্পনা।

ফ্রান্সের ক্লাব পিএসজিতে পাড়ি দেবেন এমন গুঞ্জনের পর রোনালদো বার্সেলোনায় যেতে পারেন এমন আলোচনাও হচ্ছে এখন। রোনালদোকে কেনার জন্য বার্সার কাছে নাকি প্রস্তাব নিয়ে গেছে জুভেন্তাস! স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলাম বালাগে দিয়েছেন এই অবাক করা তথ্য।

বালাগের মতে, রোনালদোকে মোটা অঙ্কের বেতন দিতে হয়। করোনা পরবর্তী সময়ে রোনালদোকে ধরে রাখার মতো নাকি আর্থিক কাঠামো নেই জুভেন্তাসের। তাই খরচ কমানোর জন্য পিএসজিসহ অনেক বড় ক্লাবের কাছেই জুভেন্তাস রোনালদোকে কেনার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে নাকি আছে বার্সেলোনাও।

রোনালদোর জুভেন্তাস ছাড়ার গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। আন্দ্রে পিরলো নতুন কোচ হওয়ার পর সেটা যেন আরও বেড়েছে। পিরলোর সঙ্গে রোনালদোর সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে।

রোনালদো বার্সেলোনায় গেলে অবশ্য মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা তারকা মেসি-রোনালদো একসঙ্গে খেলবেন বার্সার জার্সিতে!