সভায় মেয়র তাপস

রাজউক হাউজিং কোম্পানিতে পরিণত হয়েছে

নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে রাজউক একটি হাউজিং কোম্পানিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার ‘আধুনিক ও জনকল্যাণমূলক মহানগরী বিনির্মাণে বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে কর্মপরিকল্পনা প্রণয়ন’ সংক্রান্ত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভাপতি প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

মেয়র তাপস বলেন, ‘রাজউককে রাজধানী উন্নয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে, হাউজিং কোম্পানি করার জন্য নয়। শুধু জমি বিক্রি করবে, আর কে কয়টা প্লট নিবেন আর কোথায় টাকা পাঠাবেন, সেই চিন্তা বাদ দেন। কীভাবে রাজধানীকে গড়তে তুলতে হবে সেই পরিকল্পনা দেন। ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করেছেন, বাস্তবায়ন করতে পারেননি। নগরীর মধ্যে পয়োনিষ্কাশন প্ল্যান্টের পরিকল্পনা করে বসে আছেন। এটা আমি হতে দেব না। দাসেরকান্দিতে করা হচ্ছে এটার পরিণতি কী হবে, সেটা দেখা যাবে।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি কোনো ব্যক্তির প্রতি আমার বিষোদগার নেই। ঢাকার সব জলাশয়, পুকুর ও খাল আমরা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নিতে চাই। আমরা পরিচালনা করতে চাই। আমাদের সুযোগ দিন। আমরা দেখাব এটা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘ঢাকার সব সংস্থাকে ১ অক্টোবরের আগেই করপোরেশনের কাছে প্রকল্পসংশ্লিষ্ট তথ্য জমা দিতে হবে। যারা ঢাকার ওপর নির্যাতন করে থাকেন, তাদের সবিনয় নিবেদন করব, ১ অক্টোবরের আগেই ঢাকাকেন্দ্রিক আপনাদের সব প্রকল্প আমাদের কাছে পেশ করুন। ১ অক্টোবরের মধ্যে আমরা সমন্বয় করব। কারণ ঢাকাকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে যাতে সাংঘর্ষিক কিছু না হয়। ১ অক্টোবরের পর যদি আপনাদের সুযোগ না দিই, তখন কিন্তু দয়া করে তদবির করবেন না।’