মিথ্যা ঘোষণায় আমদানি করা চার কন্টেইনার পোস্তদানা জব্দ করেছে মোংলা কাস্টম হাউজ। গতকাল বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা কন্টেইনার চারটিতে তল্লাশি চালিয়ে পোস্তদানার সন্ধান পায় বন্দর কর্তৃপক্ষ।
২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনারগুলোয় ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা দিয়েছিল ঢাকার সোয়ারীঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চকবাজারের আয়েশা ট্রেডার্স। আমদানিকারকদের ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল ৫ টন। এর বিপরীতে পোস্তদানা আনায় প্রতিটি কন্টেইনারের ওজন দাঁড়ায় ১৭-২০ টন। কন্টেইনারের ওজন ঘোষণার সঙ্গে মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্টদের উপস্থিতিতে কন্টেইনার চারটি খোলা হয়। কন্টেইনারগুলো খোলার পরই তা থেকে বেরিয়ে আসে ঘোষণাবহির্ভূত পোস্তদানা। কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে।
মোংলা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মো. সামসুল আরেফিন খান বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে তাজ ট্রেডার্স ও আয়েশা ট্রেডার্স পোস্তদানা আমদানি করেছে। এখন এ পণ্য পরীক্ষণ চলছে। এটি শেষ হলে কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পণ্যগুলো বাজেয়াপ্তসহ জড়িতদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।