যশোরের গোয়েন্দা পুলিশ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ১৮টি ইজিবাইক, ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, নড়াইলের চাকই গ্রামের ইজিবাইক চালক রফিক গাজীকে গত ২৮ জুলাই ভাড়ার কথা বলে সদর উপজেলার বসুন্দিয়ায় যায়। সেখানে এক বাড়িতে তারা দুপুরের খাবার খায়। সেখান থেকে অচেতন অবস্থায় পুলিশ রফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, গত বুধবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য আলম ফারাজি ও রবিউল ইসলাম নামে দুজনকে আটক করে। এ সময় সেখান থেকে ইমরান শেখ নামে অপহৃত কুষ্টিয়ার এক ইজিবাইক চালককেও উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে রফিক গাজীর ইজিবাইকসহ মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ছাড়া গ্যারেজ মালিক মিজানুরকে আটক করা হয়।