ব্যবসায়ীকে গলা কেটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করেছেন স্বামী। এ ছাড়া সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে শিশুর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

বাগেরহাট : মোরেলগঞ্জে মফিজুর রহমান সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে এক দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

গত বুধবার সন্ধ্যার কিছু আগে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত স্থানীয় ওই দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়িক বিরোধের জেরে মফিজুর রহমান খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত মফিজুর সরদার মোরেলগঞ্জ উপজেলার কদমরসুলেরপাড় গ্রামের আবদুল জব্বার সরদারের ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার কিছু আগে দোকান থেকে বের হয়ে তিন ব্যক্তির সঙ্গে হেঁটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এর মধ্য থেকে একজন হঠাৎ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে মফিজুরের গলায় আঘাত করে পালিয়ে যায়।

গাজীপুর : কালিয়াকৈরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার পূর্ব চান্দরা জালালগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের নাম সুবর্ণা আক্তার (২৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার খুলশি চাঁদপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। নিহত সুবর্ণা ও তার স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।

সিরাজগঞ্জ : সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামের অটোরিকশাচালক মোহাম্মদ আলীর (২৫) লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলকোচা এলাকায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে খলিলুর রহমান ফাহাদ (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারান্দী গ্রামের একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে ফাহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাহাদ গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ফাহাদ উপজেলার নারান্দী গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। সে নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।