কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনলাইন কার্যক্রম নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তাদের জাতীয় পরিচয়পত্র চাওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
‘কোনো কিছু সন্দেহ হলে অ্যাকাউন্ট কে চালাচ্ছেন সেটি আমরা জানতে চাইব,’ ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম লিখেছে, ‘কেউ যদি তার ফলোয়ারদের বিভ্রান্ত করতে চায়, তাহলে তার তথ্য চাওয়া হবে।’
ইনস্টাগ্রামের মালিকানাধীন কোম্পানি ফেইসবুক সম্প্রতি এমন নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এত কিছু করা হচ্ছে মূলত মার্কিন নির্বাচনকে সামনে রেখে।
গত জুলাইতে কোম্পানিটি চারটি আলাদা চক্রকে রিমুভ করে। তারা কানাডা, ব্রাজিলসহ বিভিন্ন দেশে থেকে ফেইসবুক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গুজব ছড়াচ্ছিলেন।
অ্যাকাউন্ট ভেরিফাই করতে ২০১৮ সাল থেকে ফেইসবুক ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার কার্যক্রম হাতে নেয়। চলতি বছরের শুরুতে তারা জানায়, ‘অমানুষিক আচরণ’ দেখলে তারা ব্যক্তির পরিচয় জানতে চাইবে। এই একই পদ্ধতি এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে।
এসবের পাশাপাশি ফেইসবুকে আরও কিছু পদক্ষেপ আসছে। কোম্পানিটি বলছে, ‘কারো কোনো পোস্ট দ্রুত ভাইরাল হতে থাকলে আমরা সেটি খতিয়ে দেখব। পোস্টদাতার অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি না, সেটি আমরা নিশ্চিত হব।’