ধোঁয়াহীন তামাকের ব্যবহার গত সাত বছরে পৃথিবীতে উদ্বেগজনকভাবে বেড়েছে। বিএমসি মেডিসিন জার্নালের একটি গবেষণায় বলা হয়েছে, তামাকের কারণে যে দেশগুলোতে রোগ বাড়ছে তার মধ্যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান রীতিমতো হটস্পটে পরিণত হয়েছে।
রোগ বাড়ার পাশাপাশি তামাকের কারণে বিশ্বব্যাপী গত সাত বছরে মৃত্যু বেড়েছে এক তৃতীয়াংশ।
গবেষণার তথ্য অনুযায়ী, তামাকের কারণে পৃথিবীতে যত রোগের সমস্যা তার ৮৫ শতাংশই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এর মধ্যে ৭০ শতাংশ সমস্যা ভারতে। পাকিস্তানে ৭ এবং বাংলাদেশে ৫ শতাংশ। বাকি ৩ শতাংশ অন্য অঞ্চলে।
এই গবেষণার কথা এমন সময়ে জানা গেল, যখন করোনায় দিশেহারা এশিয়ার মানুষ। বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, তামাক গ্রহণকারী কভিড-১৯ রোগীদের অধিকাংশেরই জীবন ঝুঁকিতে।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব ইয়র্কের গবেষক কামরান সিদ্দিকি এই গবেষণার সঙ্গে যুক্ত। গবেষণার ফলাফলে তিনি লিখেছেন, ‘তামাক গ্রহণকারীদের মধ্যে যারা সরাসরি মুখে এটি সেবন করেন তাদের প্রায় এক তৃতীয়াংশ মানুষের বসবাস ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে।’
এই গবেষণার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৭ সালের একটি পরিসংখ্যান ব্যবহার করেছেন গবেষকেরা। ওই পরিসংখ্যান থেকে নেয়া ১২৭টি দেশের ডেটা তারা নতুন করে আপডেট করেছেন।