চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগে প্রতিবন্ধী বৃদ্ধ ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে পাহাড়তলী থানা এলাকার একে খান গেইট রেলক্রসিং লাগোয়া আজম রোডের বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ প্রতিবন্ধী বৃদ্ধ আবু তাহের (৬০), তার স্ত্রী আয়েশা বেগম (৫০) ও তাদের দেড় বছর বয়সী নাতি রাশেদ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৭টার দিকে আজম বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। পাহাড়তলী থানার ওসি মইনুল ইসলাম জানান, আগুনে প্রায় ৩০টি এক কক্ষবিশিষ্ট ঘর পুড়ে গেছে।
আগুন লাগার কারণ জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবির হোসেন সাংবাদিকদের বলেন, মারা যাওয়া আবু তাহেরের ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলেও এই ফায়ার কর্মকর্তা জানান।