শোক দিবসে নড়াইলের এতিমখানায় মাশরাফীর মধ্যাহ্নভোজ

১৯৭৫ সালের ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলের এতিমখানার শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।

সদর উপজেলার বিভিন্ন এতিমখানার প্রায় ছয় শত কোমলমতি এতিম শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

শনিবার দুপুরে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হয়।

এতিমখানা গুলিতে জোহরের নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে  বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মহামারি করোনা ভাইরাস সহ সকল ধরনের বিপদ থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে মধ্যাহ্নভোজ এতিমখানায় পৌঁছে দিতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। এই নিষ্পাপ শিশুরা মন খুলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের জন্য দুই হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করেছে। এটাই আজকের দিনে আমাদের বড়  প্রাপ্তি।

এ ছাড়া সকালে নড়াইল এবং লোহাগড়ায় পৃথক কর্মসূচিতে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।