কভিড চলে যাবে ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ভ্যাকসিনের প্রয়োজন না-ও হতে পারে। তার আগেই করোনা চলে যাবে। গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে এরই মধ্যে বাংলাদেশে কভিড আক্রান্ত রোগীর সংখ্যা কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে। সুস্থতা বেড়ে গেছে। বেশিদিন লাগবে না বাংলাদেশ থেকে কভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না, জানি না। তারপরও সব প্রস্তুতি আমরা রেখেছি, ভ্যাকসিনের প্রস্তুতিও আমরা রেখেছি।’ মন্ত্রীর এমন বক্তব্যের দিনেও দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু ও ২ হাজার ৬৪৪ জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জাহিদ মালেক আরও বলেন, করোনা এমন একটি ভাইরাস যা সম্পর্কে পৃথিবীর কারও কোনো ধারণা বা অভিজ্ঞতা ছিল না। কীভাবে একে নিয়ন্ত্রণ করতে হবে তা-ও জানা ছিল না। তবে আজ আমরা অনেক ভালো অবস্থানে আছি, করোনায় মৃত্যুর হার জনসংখ্যার তুলনায় অনেক কম। আমাদের সুস্থতার হার অনেক ভালো, ৬০ শতাংশের বেশি। সংক্রমণের হার কমে আসছে। অর্থনীতির চাকা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার ঘুরছে। তিনি বলেন, আজ মানুষের মনে সাহস এসেছে। এর কারণ মৃত্যুর হার কমে যাওয়া, হাসপাতালের ৭০ শতাংশ বেড খালি। হাসপাতালে বিনা চিকিৎসায় কেউ পড়ে থাকেনি। এসব কারণে মানুষ বাইরে যেতে সাহস করে। এখন তারা আর ভয় পায় না। কারণ তারা জানে চিকিৎসাব্যবস্থা আছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্জন।

মন্ত্রী আরও বলেন, রোগীরা বাড়ি থেকে চিকিৎসা পাচ্ছে, তাই হাসপাতালে আসার প্রয়োজন হয় না। এই সফলতাকে খাটো করে দেখার সুযোগ নেই। সবাই সমালোচনা করতে পারে, কিন্তু কাজ করা আর সমালোচনা করা এক নয়, আমরা কাজে বিশ^াসী।

জাহিদ মালেক বলেন, বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরিতে অনেক দূর এগিয়েছে। যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে, সেখানে ভ্যাকসিনসহ অনেক বিষয়ে আলোচনা হবে।