কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠাঁই মিলল

ঝিনাইদহে রাস্তার পাশে কড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠাঁই মিলেছে। গতকাল শনিবার নবজাতকটিকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক ব্যক্তির হাতে তুলে দেয় উপজেলা প্রশাসন। এদিন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর অফিস কক্ষে এক জরুরি বৈঠকে শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন, তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়। এর আগে গত শুক্রবার মধ্যরাতে নবজাতকটিকে নিজের তত্ত্বাবধানে নেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান।

উল্লেখ্য, শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারসংলগ্ন মায়াধরপুর এলাকায় রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।