বগুড়া জেলা পুলিশের ৫৯ সদস্য প্লাজমা দান করতে ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্তর মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য বগুড়া জেলা পুলিশের ৫৯ সদস্য প্লাজমা দানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রবিবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা রওনা দেন। 

জেলা পুলিশ সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে গিয়ে বগুড়া জেলা পুলিশে কর্মরত ১৫০ সদস্য করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন এবং ১৪২ জন সুস্থ হয়েছেন।

সম্প্রতি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বগুড়ায় আসা একটি মেডিকেল টিম করোনা জয়ী পুলিশ সদস্যদের এন্টিবডি পরীক্ষায় ৫৯ জন উত্তীর্ণ হন। তাদের প্লাজমা দানের জন্য রবিবার ঢাকায় পাঠানো হয়।

এ লক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সারা দেশের মতো বগুড়ায় পুলিশ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক ও মানবিক অনেক দায়িত্ব পালন করেছেন।

মাঠ পর্যায়ে থেকে এসব কাজ করতে গিয়ে দেড়শ' পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। একজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে।

তিনি বলেন, করোনা জয় করেও পুলিশের দায়িত্ব শেষ হয়নি। যাদের এন্টিবডি তৈরি হয়েছে তারা প্লাজমা দান করবেন। পুলিশের দান করা এই প্লাজমা করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, আব্দুর রশিদ, আলী হায়দার চৌধুরী, তাপস কুমার পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।