নদীর সাঁকোর নিচ থেকে পান ব্যবসায়ীর লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গনেশ্বরী নদীর সাঁকোর নিচ থেকে পান-সুপারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা বাজার সংলগ্ন পাহাড়ি গনেশ্বরী নদী থেকে আব্দুর রহমানের (৫৫) লাশ উদ্ধার করা হয়।

তিনি একই ইউনিয়নের নলছাপ্রা গ্রামের মৃত আব্দুল মোমেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় মসজিদের ইমাম আসার পথে সাঁকোর নিচে রহমানের মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের জানান।

আরও জানা যায়, নিহত আব্দুর রহমান নলছাপ্রা বাজারে পান-সুপারীর দোকানদার ছিলেন এবং স্থানীয়ভাবে তার আচার-ব্যবহারের বেশ সুনাম রয়েছে। কিন্তু মদ পানের অভ্যাস ছিল।

গত শনিবার রাতে দোকানঘর বন্ধ করে পার্শ্ববর্তী এলাকা থেকে মদ পান করে রাতের কোনো এক সময়ে বাড়িতে আসার পথে গনেশ্বরী নদীতে বৃষ্টিতে ভেজা বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে নদীতে পড়ে যান। সেখানেই রহমানের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে কলমাকান্দা ওসি মো. মাজহারুল করিম জানান, সকালে আব্দুর রহমানের লাশটি গনেশ্বরী নদীতে সাঁকোর নিচে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিহতের পরিবারের থেকে কোনো ধরনের  অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদৃহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।