সেপ্টেম্বর থেকে মোবাইল অ্যাপসে ফি আরোপ করছে ডিএসই

তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেনে মোবাইল ফোন অ্যাপ ডিএসই- মোবাইল ব্যবহারে প্রতি মাসে ১৫০ টাকা করে চার্জ দিতে হবে ব্যবহারকারীদের। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই চার্জ প্রযোজ্য হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে ২০১৯ সাল থেকে ডিএসই-মোবাইলে চার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হলেও তা থেকে ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের চাপের মুখে তা প্রত্যাহার করে নেয়।

প্রতি মাসে ১৫০ টাকা চার্জ আরোপের সিদ্ধান্তটি গত ৯ আগস্ট ব্রোকারেজ হাউজকে চিঠি দিয়ে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৩১ আগস্টের মধ্যে নিষ্ক্রিয় মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের নিবন্ধন বাতিল বা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ট্রেকহোল্ডারদের চিঠি দিতে বলেছে।

ট্রেকহোল্ডারদের দেওয়া চিঠিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের চার্জ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এর আগে, প্রাথমিক পর্যায়ে অ্যাপ্লিকেশন প্রচারের লক্ষ্যে নিবন্ধিত ব্যবহারকারীদের পরিবর্তে প্রকৃত ব্যবহারকারীদের ভিত্তিতে ডিএসইকে চার্জ করেছিল ফ্লেক্সট্রেড। কিন্তু এখন ফ্লেক্সট্রেড অ্যাপস নিবন্ধনকারীদের ওপরও চার্জ করতে শুরু করেছে। তাই খরচের বাড়তি ব্যয় এড়াতে নিষ্ক্রিয় ব্যবহারকারীদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে বলে ট্রেকহোল্ডারদের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের ৯ মার্চ থেকে চালু হওয়ার পর থেকে বিনামূল্যে ট্রেকহোল্ডারদের মাধ্যমে গ্রাহকদের ডিএসই মোবাইল অ্যাপস সেবা দিয়ে আসছে। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর মোবাইল অ্যাপসে গ্রাহকদের প্রতি মাসে ১৫০ টাকা চার্জ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের জন্য ধার্য ছিল। তবে ২৩ ডিসেম্বর স্টক ব্রোকার, ট্রেক হোল্ডার ও বিনিয়োগকারীদের কাছ থেকে তীব্র বিরোধিতার কারণে মাসিক ফি নেওয়ার সিদ্ধান্তটি বাতিল করে ডিএসই।

অ্যাপসটি ব্যবহারকারীদের সরাসরি সিকিউরিটিজ লেনদেনের আদেশ দেওয়ার অনুমতি দেয়, তবে কোনো অস্বাভাবিক ক্রয়-বিক্রয়াদেশ থাকলে ট্রেডার ও ব্রোকার তা বাতিল করতে পারে।

অ্যাপ্লিকেশনটির দুটি সংস্করল রয়েছে। একটি ডিএসই-মোবাইল ভিআইপি, একটি নন-ট্রেডিং সংস্করণ এবং অপরটি ডিএসই-মোবাইল ট্রেডার, ট্রেডিং সংস্করণ। গতকাল পর্যন্ত ডিএসই মোবাইল অ্যাপসে নিবন্ধনকারীর সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৩৫ জন। এই অ্যাপসে গতকাল ১৪ হাজার ৫৪৩ জন লগড-ইন ছিলেন। গতকাল ডিএসই মোবাইল ও ডিএসই ইনভেস্টরের মাধ্যমে মোট ৪৭ হাজার ৭৫৮টি ট্রেড সম্পন্ন হয়।