বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খালেদা জিয়ারও সায় ছিল : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১৫ আগস্ট খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল করে বিএনপি আসলে তার জন্মদিন পালন করেছে। জনগণের চাপে সেটি বলতে লজ্জা লাগছে। এর মাধ্যমেই প্রমাণ হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু জিয়াই যুক্ত ছিল না, খালেদা জিয়ারও সায় ছিল। তাদের দলটিই হচ্ছে খুনিদের দল।’ গতকাল রবিবার রাজধানী কাকরাইলের তথ্য ভবনের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেখতে পাই, এতদিন ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের পর তারা সেটি আর পালন না করার ঘোষণা দিল। আবার গতকাল দেখলাম, ১৫ আগস্ট যেদিন মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় মিলাদ হচ্ছে, হত্যাকারীদের নিন্দায় বিক্ষোভ-সমালোচনা হচ্ছে, সেখানে তারা (বিএনপি) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল করল।’ তিনি বলেন, বেগম জিয়ার জন্মের বিভিন্ন তারিখের ঘটনা যদি ইউরোপের কোনো রাষ্ট্রে হতো, তাহলে তিনি প্রধানমন্ত্রী তো দূরের কথা, সংসদ সদস্য হওয়া বা রাজনীতি করারই অযোগ্য হতেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতো।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার পাসপোর্টে একটা জন্মতারিখ, বিয়ের রেজিস্টারে আরেকটা, ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় আরেকটা এবং শিক্ষাগত সনদে আরেকটা জন্মতারিখ। আর সবশেষে এতদিন বলা নাই-কওয়া নাই হঠাৎ ১৯৯৫ সালে পত্রিকার পাতায় দেখলাম মান্নান ভূঁইয়া ঘোষণা করলেন খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছেন। তখন থেকে সেই তারিখে তারা কেক কাটেন। একটা মানুষের কয়টা জন্মতারিখ থাকতে পারে, এ রকম ঘটনা বাংলাদেশে আর কোনো মানুষের জীবনে আছে বলে আমার জানা নেই।’

অনুষ্ঠান শেষে তথ্য ভবনের ১২ তলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বঙ্গবন্ধু প্রদর্শনী গ্যালারি এবং জাদুঘর ও নিচতলায় সংস্থার প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্রের নামফলক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।