রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) এ তথ্য জানান।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় শ্যাওড়াপাড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষণের শিকার হন ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পরে মেয়েটির বাবা ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন ও দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ৮ জানুয়ারি মজনুকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এরপর থেকে কারাগারে আছে সে।
এরই মধ্যে গত ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর সিদ্দিক। একই দিন আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেয়। তবে করোনার কারণে আদালতে সাধারণ ছুটিতে থাকায় এরপর মামলাটির পরবর্তী কোনো কার্যক্রম হয়নি।