রিজেন্টের ৮ জন দুদিনের রিমান্ডে

করোনা পরীক্ষায় জালিয়াতিসহ নানা অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের আটজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে র‌্যাব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

আসামিরা হলেন হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্স-রে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিকেল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়িচালক আবদুস সালাম (২৫), আবদুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।

এর আগে গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আট আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নানা অনিয়মের অভিযোগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বেরিয়ে আসে কভিডের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দিত প্রতিষ্ঠানটি। এছাড়া করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।

এসব অনিয়মের ভিত্তিতে গত ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।