মাদারীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

মাদারীপুরের কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার দুপুরে কালকিনি উপজেলার মিনাজদি গ্রামে এ ঘটনা ঘটে।

স্ত্রী ময়না বেগম মাদারীপুর সদর উপজেলার করদী গ্রামের মৃত আবদুল হাই মোল্লার মেয়ে।

স্থানীয় ও পুলিশ জানায়, ১৫ বছর পূর্বে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খানের (৩৫) সঙ্গে ময়নার পারিবারিকভাবে বিয়ে হয়।

খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। রবিবার দুপুরে সামান্য বিষয় নিয়ে ফের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বামী সোলায়মানের হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়নাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেওয়ার পথে ময়নার মৃত্যু হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায়  স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সোলায়মান খানকে আটক করেছি।