বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ায় দিশেহারা মৎস্য চাষি

মাদারীপুরে ১০ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এক কৃষক। ৬ লাখ টাকা খরচ করে পোনা মাছ ছাড়া হয়েছিল আর যে অবস্থায় ভেসে গেছে তাতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বরে তিনি জানান।

কৃষক মো. এনায়েত হোসেন বেপারী মাদারীপুর জেলার পৌরসভার ৮নং ওয়ার্ডে চর-খাগদী এলাকার বাসিন্দা। সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।

জানা যায়, দুই বছর আগে ১৯৬ শতাংশ অন্যের জমি লিজ নিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় ৬ লাখ টাকা ধারদেনা করে মাটি কেটে ঘের তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন।

এনায়েত হোসেন বলেন, গত ২৮ জুলাই রাতে আঁড়িয়াল খাঁ নদীর পাড় ভেঙে বন্যার পানিতে আমার পুরো ঘের তলিয়ে গিয়ে পাশাপাশি তার বিভিন্ন দেশি মাছ ভেসে যায়। এখন তিনি সবকিছু হারিয়ে পথে বসে গেছি। আয়ের আর কোনো পথ নেই। এই ঘেরে প্রথম থেকেই প্রায় ২০ জন শ্রমিক কাজ করত এবং প্রতিদিন ৫-৬ জন শ্রমিক নিয়মিত কাজ করে আসছে। তাদেরও বেতন বন্ধ হয়েছে।

এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেলে আবার নতুন করে শুরু করতে পারবেন বলে তিনি আশা করেন।

শ্রমিক রতন বলেন, ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় আমাদের বেতন বন্ধ হয়ে গেছে। তার অবস্থা দেখে আমাদের অনেক কষ্ট হয়। যদি আবার শুরু করতে পারে তাহলে হয়তো আমরা আমাদের বেতন পাবো। আমার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারবো।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা জেলার সকল ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা করছি। এদের জন্য সরকারিভাবে সহযোগিতা চাওয়া হবে। আমরা চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা আবার যেন নতুন করে মাছ চাষ শুরু করতে পারবে।