সাইবার হামলার শিকার হয়েছে কানাডা সরকারের অনলাইন সার্ভিস। তাদের কয়েক হাজার ইউজার অ্যাকাউন্ট বেহাত হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই সাইবার হামলার টার্গেটে পরিণত হয় ‘জিসিকি সার্ভিস’। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে কানাডার ফেডারেল সরকার ও রেভিনিউ এজেন্সি। কানাডার সচিবালয়ের ট্রেজারারি বোর্ড শনিবার এক বিবৃতিতে এই সাইবার হামলার কথা জানায়। তাতে বলা হয়, জিসিকি সার্ভিসের ৯ হাজার ৪১ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকড হয়েছে। বারবার চেষ্টা করেও অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করা যাচ্ছিল না। হামলার শিকার সবগুলো অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
জানানো হয়েছে, কানাডা রেভিনিউ এজেন্সির প্রায় সাড়ে ৫ হাজার অ্যাকাউন্ট সাইবার হামলায় আক্রান্ত হয়েছিল। করদাতাদের তথ্য সুরক্ষার জন্য এসব অ্যাকাউন্টে প্রবেশ বাতিল করা হয়েছে। সাইবার হামলার এই ঘটনা তদন্ত করে দেখছে কানাডা সরকার ও ফেডারেল পুলিশ। কোনো ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কানাডার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, আগস্টের শুরু থেকেই অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট নিয়ে সমস্যার কথা জানাতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, কানাডার রেভিনিউ এজেন্সির সঙ্গে সম্পর্কিত গ্রাহকদের ব্যাংকিং তথ্য পরিবর্তন করে দেওয়া হয়েছে।