মস্তিষ্কে আঘাতে মৃত্যু হয় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোরের

মস্তিষ্কে আঘাতজনিত কারণে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেছেন, তিন কিশোরের মরদেহের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মূলত মস্তিষ্কে আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

তত্ত্বাবধায়ক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা যশোরের পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় আটক পাঁচ কর্মকর্তা বরখাস্ত হলেন। তারা এখন পুলিশ রিমান্ডে রয়েছেন।

জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা জানান, সোমবার রাতে মুশফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ আসে।

তিনি আরও জানান, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন সহকারী পরিচালক যোগ দিয়েছেন। সমাজ সেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে যশোরে ওই দায়িত্বে বদলি করা হয়েছে। তিনি গত বৃহস্পতিবারের হতাহতের ঘটনায় আটক ও বরখাস্ত সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, গত বৃস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনীতে সেখানে বন্দী থাকা তিন কিশোর পারভেজ হাসান রাব্বি (১৮), রাসেল সুজন (১৮) ও নাইম হোসেন (১৭) নিহত হয়। আহত হয় আরও ১৫ কিশোর।