করোনাকালে রাজধানী ঢাকা ছেড়েছেন অন্তত ১৬ শতাংশ দরিদ্র মানুষ। বাড়িভাড়া, চিকিৎসা, যোগাযোগসহ নানামুখী ব্যয় মেটাতে না পেরেই তারা ঢাকা ছেড়েছেন বলে বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণায় উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার ভার্চুয়াল সভায় ‘লাইভলিহুড, কোপিং অ্যান্ড রিকভারি ডিউরিং কভিড-১৯’ শীর্ষক জরিপভিত্তিক গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।
পিপিআরসি ও বিআইজিডি করোনাকালে আর্থসামাজিক অবস্থা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছে। দুটি প্রতিষ্ঠান এর আগে গত এপ্রিলে এক জরিপের মাধ্যমে মহামারীর সময়ে আর্থসামাজিক অবস্থার ওপর একটি জরিপ করে। তখন লকডাউন বা সাধারণ ছুটি বলবৎ ছিল। ওই কাজের ধারাবাহিকতায় লকডাউন বা সাধারণ ছুটি তুলে দেওয়ার পর অবস্থাটা কী, তা তুলে ধরতেই ছিল আজকের আয়োজন। ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেয় ৭ হাজার ৬৩৮ পরিবার। এর মধ্যে ৫৫ শতাংশের বেশি শহরের, ৪৩ শতাংশের বেশি গ্রামের ও ১ দশমিক ২২ শতাংশ ছিল পার্বত্য চট্টগ্রামের পরিবার।
জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারি-জুন সময়ে শহুরে দরিদ্র মানুষের আয় কমে গেছে ৪৩ শতাংশ, গ্রামের মানুষের আয় ৪১ শতাংশ আর পার্বত্য চট্টগ্রামের দরিদ্র মানুষের আয় কমেছে ২৫ শতাংশ। ফেব্রুয়ারিতে কর্মক্ষম মানুষের মধ্যে ১৭ শতাংশ জুনে কর্মহীন হয়ে পড়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাসাবাড়িতে কাজ করা মানুষের বেশিরভাগই নারী, তাদের কাজ হারানোর সংখ্যা সবচেয়ে বেশি। তাদের সংখ্যা ৫৪ দশমিক ১৯ শতাংশ। এরপর আছে অদক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক। দেখা গেছে, কারখানার শ্রমিক ও কৃষিশ্রমিকদের মধ্যে কাজ হারানোর হার অপেক্ষাকৃত কম। দুই পেশাতেই ১০ শতাংশের কিছু বেশি।
করোনার আগে, লকডাউনের সময় ও লকডাউন তুলে নেওয়ার পর দারিদ্র্য পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয় গবেষণায়। দেখা যায়, ফেব্রুয়ারিতে শহরে খাবারে ব্যয় ৬০ টাকা থাকলেও এপ্রিলে কমে হয় ৪৪ টাকা। জুনে বেড়ে দাঁড়ায় ৪৫ টাকা। শহরাঞ্চলে দরিদ্র মানুষের খাবারের ব্যয়ে কিছু উন্নতি হলেও গ্রামে পরিস্থিতি লকডাউনের পরও ভালো হয়নি। দেখা গেছে, গ্রামে ফেব্রুয়ারিতে খাবার ব্যয় ছিল ৫২ টাকা। এপ্রিলে তা কমে হয় ৪১ টাকা, জুনে ৩৭ টাকা।
আয়ের নিরিখে দেখা যায়, শহরাঞ্চলে দরিদ্র মানুষের আয় ফেব্রুয়ারিতে ছিল ১০৮ টাকার বেশি। এপ্রিলে তা অনেকটা কমে হয়ে যায় ২৬ টাকা, জুনে দাঁড়ায় প্রায় ৬৭ টাকায়। গ্রামাঞ্চলে আয় ফেব্রুয়ারিতে ছিল প্রায় ৯৬ টাকা। এপ্রিল ও জুনে হয় যথাক্রমে ৩৭ ও ৫৩ টাকার কিছু বেশি।
লকডাউনে সব শ্রেণির মানুষের আয় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে রিকশাচালকদের আয়, প্রায় ৫৪ শতাংশ। এরপর আছেন ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন ও অদক্ষ শ্রমিক। করোনাকালে এক নতুন দরিদ্র শ্রেণি তৈরি হয়েছে। এপ্রিলে তাদের সংখ্যা ছিল ২২ দশমিক ৮ শতাংশ। জুনে অর্থনৈতিক কর্মকা- চালু হলে এ সংখ্যা সামান্য কমে হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ।
চরম দরিদ্র, মাঝারি দরিদ্র, ঝুঁকিতে থাকা নতুন দরিদ্র এবং নতুন দরিদ্র সুনির্দিষ্টভাবে এ চার শ্রেণির মতামত উঠে আসে জরিপে। সমীক্ষা প্রতিবেদনের একটি অংশ তুলে ধরেন বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন। লকডাউন বা সাধারণ ছুটি প্রত্যাহার নিয়ে চার শ্রেণির মনোভাব তুলে ধরে মতিন বলেন, সব শ্রেণির মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশ মনে করে লকডাউন প্রত্যাহার না করার কোনো বিকল্প ছিল না। প্রায় ৩০ শতাংশ একে ভালো সিদ্ধান্ত বলে মনে করে। ১০ শতাংশের মতো মনে করে, এটি কিছুদিন পর করা যেত, বাকিরা কোনো মন্তব্য করেনি।
সমীক্ষায় উঠে এসেছে ত্রাণ সহায়তার চিত্র। করোনাকালে অসহায় মানুষের সহায়তায় নগদ অর্থ দেওয়ার প্রসঙ্গ উঠেছিল জোরেশোরে। সমীক্ষায় দেখা যায়, শহর-গ্রাম-পার্বত্য এলাকার মধ্যে শহরেই নগদ সহায়তার পরিমাণ বেশি। তাও মাত্র প্রায় ১৬ শতাংশ মানুষ এ সহায়তা পেয়েছে। গ্রামে ৩ দশমিক ৫ শতাংশ, পার্বত্য চট্টগ্রামে প্রায় ১০ শতাংশ। পরিবারপ্রতি খরচ হয়েছে ১ হাজার ৭৬৭ টাকা ৬৮ পয়সা। যদি সব দরিদ্র মানুষকে এটা দেওয়া হতো, তবে তাদের কাছে যেত শহরে মাত্র ২৭২ টাকা, গ্রামে প্রায় ৬১ টাকা।