করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মারা গেছেন। গত সোমবার রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শহরের টাউন ঈদগাহে জানাজা শেষে গুজারাই গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

করোনায় আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউতে ভর্তি হন। চিরকুমার আজিজুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক পেয়েছেন।