এসপিসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত

র‌্যাবের রিমান্ডে প্রদীপসহ ৩ পুলিশ কর্মকর্তা

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার সাময়িক বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার র‌্যাব কর্মকর্তারা কক্সবাজার জেলা কারাগার থেকে ওই তিনজনকে র‌্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যান।

রিমান্ডে নেওয়া অন্য দুই আসামি হলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত। এ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় প্রথমে গাড়িতে তোলা হয় প্রদীপ কুমার দাশকে। তারপর তোলা হয় এসআই নন্দদুলাল রক্ষিত ও পরিদর্শক লিয়াকত আলীকে।

এপিবিএনের ৩ সদস্য গ্রেপ্তারের পর রিমান্ডে : সিনহা ‘হত্যায়’ জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খায়রুল ইসলাম জানান, গতকাল সকালে গ্রেপ্তার তিন এপিবিএন সদস্যকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তামান্না ফারাহ শুনানি শেষে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার এ তিন এপিবিএন সদস্য হলেন কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজিব ও আবদুল্লাহ। তারা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তাদের যেকোনো সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এএসপি খায়রুল ইসলাম।

কক্সবাজারের এসপিসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত : পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেন ও হত্যা মামলার আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে তাদের ব্যাংক হিসাব এক মাসের জন্য স্থগিত করতে নির্দেশ দিয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

একই সঙ্গে চিঠি ইস্যু করার দিন থেকে তিন দিনের মধ্যে স্থগিত করা হিসাবগুলোর নাম, নম্বর, স্থিতি এবং এ সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হালনাগাদ লেনদেনের বিবরণী) পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে যে আটজনের ব্যাংক হিসাব স্থগিত ও তথ্য চাওয়া হয়েছে, তাদের মধ্যে এসপি মাসুদ ও ওসি প্রদীপ কুমার দাশ ছাড়াও বাংলা সিনেমার অভিনেতা ইলিয়াস কোবরা, চুমকী কারান, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ, লিয়াকত আলী ও দিলীপের নাম রয়েছে। চিঠিতে প্রত্যেকের নামের পাশে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে নয়জনকে আসামি করা হয়। আসামিরা হলেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত, টুটুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মো. মোস্তফা। এদের মধ্যে মোস্তফা ও টুটুল পলাতক।