ফরিদপুরে বহুল আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জুয়েল ফরিদপুর শহরের বদরপুর এলাকার মৃত সালাম মণ্ডলের ছেলে। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জুয়েল মণ্ডলের ভাই সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তার অপর ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি।
বরকত ও রুবেলকে গত ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।
জুয়েল মণ্ডলের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে বোয়ালমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জুয়েলকে।
তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতির বাসায় হামলা মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয় তাকে।
গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত যমুনা ভবনে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল সাহা গত ১৮ মে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। গত ৭ জুন রাতে পুলিশ ওই মামলার আসামি হিসেবে বরকত-রুবেলসহ ৯ জনকে গ্রেপ্তার করে।