পর্তুগালের প্রেসিডেন্ট মের্সেলো হেবেলো ডি সাউসার ছবি এখন অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়ার পাতায়। অনেক তরুণও যা পারেন না, তিনি তাই করে দেখিয়েছেন ৭১ বছর বয়সে। সাগরে ডিঙ্গি উল্টে বিপদে পড়া দুই নারীকে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন তিনি।
বিবিসিতে প্রকাশিত ছবিতে ৭১ বছর বয়সী এই প্রেসিডেন্টকে পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকা ওই দুই নারীর দিকে সাঁতরে যেতে দেখা গেছে। পর্তুগালের আলগারবি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট সউসা সাংবাদিকদের জানান, ওই নারীরা পাশের আরেকটি সমুদ্রসৈকত থেকে স্রোতের টানে সাগরে ভেসে যাচ্ছিল। আর তখন প্রেসিডেন্ট সউসা আলগারবিতে ছুটি কাটাচ্ছেন। ওই এলাকার পর্যটনকে তুলে ধরতে তিনি সেখানে অবস্থান করছেন। অনেক দিন ধরেই তিনি পর্তুগালের পর্যটন শিল্পের বিকাশের জন্য চেষ্টা করছেন। পর্তুগালের অর্থনীতি প্রধানত পর্যটন শিল্পনির্ভর, কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এ খাত এখন ভীষণ চাপে পড়েছে।
প্রারিয়া দ্যু আলভোর সমুদ্রসৈকতে প্রেসিডেন্ট যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি ওই নারীদের সাগরে হাবুডুবু খেতে দেখেন। ওই নারীদের সহায়তা করতে তিনি সাঁতরে সাগরে যাচ্ছেন, ওই মুহূর্তগুলো ভিডিও ফুটেজে ধরা পড়েছে। ইতিমধ্যেই ওই নারীদের সহায়তা করতে সেখানে আরেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন, সাহায্যের জন্য আরেক ব্যক্তি জেট স্কি নিয়ে সেদিকে ছুটে যান। জেট স্কিতে থাকা ওই ব্যক্তিই রাবারের ডিঙ্গিটিকে তীরে নিয়ে আসতে সক্ষম হন।
ওই নারীদের সহায়তা করার পর প্রেসিডেন্ট সউসা সাংবাদিকদের জানান, ওই নারীরা আরেকটি সমুদ্রসৈকত থেকে এসেছেন। তিনি বলেন, ‘সেখানে পশ্চিমমুখী বড় ধরনের একটি স্রোত থাকায় তারা ভেসে যায়, তাদের ডিঙ্গি উল্টে যায়, প্রচুর পানি তাদের পেটে চলে যায় আর এমনকি ডিঙ্গিটিকেও (কায়াক) সোজা করতে পারছিল না তারা, সেটির উপর উঠতেও পারছিল না বা সাঁতারও কাটতে পারছিল না। স্রোত এতই প্রবল ছিল।’ প্রেসিডেন্ট জানান, জেট স্কিতে করে আসা আরেকজন ‘দেশপ্রেমিক’ তাকে সাহায্য করেছেন। ভবিষ্যতে ওই নারীদের সাবধান হতে হবে বলে সতর্কও করেন তিনি।