কুড়িগ্রামে বিএনপির ২ পক্ষে সংঘর্ষ আহত ১০

কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময়, জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। এ সময় অনুষ্ঠানে আসনে বসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ গ্রুপের সংঘর্ষ বাধে।

এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদ নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কাজলসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।