টিকটক কিনতে ওরাকলের প্রতি সম্মতি ট্রাম্পের

টিকটক কিনতে আলোচনায় এগিয়ে থাকা ওরাকলের প্রতি সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কোম্পানি ওরাকলের প্রশংসা করে ট্রাম্প বলেন, এটি খুব ভালো কোম্পানি। 

রয়টার্স জানায়, চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে কেনার জন্য বাইটড্যান্সের সঙ্গে ওরাকল আলোচনা করছে শুনে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। 

তিনি বলেন, তারা (ওরাকল) চাইলে যুক্তরাষ্ট্রে টিকটকের নিয়ন্ত্রণ নিতে পারে।

টিকটককে আগামী ৯০ দিনের মধ্যে বিক্রি হওয়ার জন্য নির্দেশ জারি করেন ট্রাম্প। এরপর টুইটার, মাইক্রোসফট একাধিক কোম্পানি যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানিটির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করে।

এর মধ্যে টিকটকের মালিক বাইটড্যান্সের বেশ কিছু বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় বসেছে ওরাকল কর্তৃপক্ষ।

শুক্রবার ট্রাম্প টিকটকের সমর্থনে যে সম্পদ ছিল, তা যুক্তরাষ্ট্রের অনুকূলে আনতে বাইটড্যান্সকে নির্দেশ দেন। এ জন্য ৯০ দিনের সময় বেঁধে দেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বরাবরই অভিযোগ করে আসছেন, টিকটকের তথ্য সংগ্রহের প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

এর মধ্যে সীমান্ত বিরোধের কারণে ভারত গত ৩০ জুন টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ বন্ধ করে দেয়। এরপর যুক্তরাষ্ট্রও টিকটক বন্ধের পদক্ষেপ নেয়।