‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব সময় সত্যের জয় হোক, এই প্রার্থনা।’ বলিউড তারকা অক্ষয় কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটা জানালেন গতকাল দুপুর ১২টায়। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগল না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই তদন্তে মহারাষ্ট্র পুলিশ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইকে সহায়তা করবে। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং বিহার পুলিশে যে এফআইআর করেছেন, তা সম্পূর্ণ সঠিক। তাই এই আবেদনের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার যে আবেদন করেছে তার যৌক্তিকতা নেই।
১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছিলেন বলিউডের এই তরুণ নায়ক। ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও সুশান্তের পরিবারসহ ভক্তরা দাবি করে আসছিলেন বিষয়টি নেহাত আত্মহত্যা নয় বরং ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে সিবিআইকে তদন্তের দাবি জানিয়েছেন। এর মধ্যে সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং পাটনা থানায় সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই মাস পার হলেও এই মৃত্যু রহস্যের কোনো কিনারা করতে পারেনি মুম্বাই পুলিশ। তাই বারবার সব জায়গা থেকে তদন্তের ভার সিবিআইকে দেওয়ার দাবি ওঠে। নানা দাবি এবং দাবির বিপরীতে স্থানীয় আইন সংস্থার টালবাহানার পর অবশেষে মিলল ভারতের উচ্চ আদালতের ছাড়পত্র। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই। উচ্চ আদালতের পক্ষে বিচারপতি ঋষিকেশ রায় আদেশ দিলেন। সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব মুম্বাই এবং বিহার পুলিশের থেকে নিয়ে নিজের মতো করে কাজ শুরু করবে সিবিআই। প্রয়োজনে নতুন করে এফআইআর দায়ের করতেও পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিকে সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ায় উচ্ছ্বসিত বলিউড। অনুপম খের লিখেছেন ‘জয় হো, জয় হো, জয় হো।’ কঙ্গনা রানৌত টুইটে লিখেছেন, ‘মানবতার জয়। এই প্রথম আমি শক্তিশালী মনে করছি নিজেকে। এসএসআরের যোদ্ধাদের অভিনন্দন।’ সুশান্তের সাবেক বান্ধবী অঙ্কিতা লোখান্ডে বরাবর বলে আসছেন, সুশান্ত আত্মহত্যা করতে পারেন না, তার মৃত্যুর তদন্ত সিবিআই করুক। তিনি আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে টুইট করে জানান, ‘সত্যের জয় হবে। এবার ন্যায়বিচার কার্যকরী হবে।’
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এখনো উদ্ধার না হলেও তার শেষ প্রেমিক রিয়া চক্রবর্তীকে অনেকেই সন্দেহ করছেন। তার জের ধরেই নতুন এক সিনেমা থেকে বাদ দেওয়া হলো রিয়াকে। এর পরিচালক লোম হর্ষ বলেন, রিয়ার সঙ্গে এই সিনেমা নিয়ে অনেক দিন আগেই তার কথা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রিয়া ভাবছেন তার বয়স মাত্র ২৮, ক্যারিয়ার সুরক্ষিত। কিন্তু রিয়ার বলিউড যাত্রার এখানেই ইতি। আমি বা প্রযোজক বোকা নই যে রিয়ার খেলা ধরতে পারব না। সবাই বুঝে গেছে রিয়া কী জিনিস। আর ও যদি সত্যি সুশান্তকে ভালোবাসতো তাহলে অন্তত একবার সত্যি কথাটা প্রকাশ্যে বলতে পারত।’