জনগণের কথা ভেবে করোনা পরীক্ষার ফি কমানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনা পরীক্ষা বাড়াতে শিগগির ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ২০০ টাকা, যা নতুনভাবে ১০০ টাকা করা হচ্ছে। বাড়িতে নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হচ্ছে। এই ফি আগামী দুই-এক দিনের মধ্যেই কার্যকর করা হবে।’

ফি কমানো প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘করোনায় মানুষ যাতে বেশি পরীক্ষায় অংশ নেয় এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে করোনা পরীক্ষার এই নতুন ফি নির্ধারণ করে দেন।’

দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগতমান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, কভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে। এতে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছে। কাজেই যেসব হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলো নন-কভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কভিড রোগীরা আরও বেশি উপকৃত হবে।