শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প পানির নিচে

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থিত তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোহিঙ্গারা। ক্যাম্পে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থার সংকট।

শূন্যরেখার রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, গত সোমবার থেকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তুমব্রু কোনারপাড়া ক্যাম্পটি পানিতে তলিয়ে গেছে। এর ফলে খাবার সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি নিয়ে ঝুঁকিতে পড়েছে এখানকার রোহিঙ্গারা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা উঁচু জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পাহাড়ি ঢল এবং বৃষ্টি অব্যাহত রয়েছে জানিয়ে দিল মোহাম্মদ বলেন, তুমব্রু খালে মিয়ানমার ব্রিজ নির্মাণ করায় সীমান্ত খাল দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ বলেন, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পটি তলিয়ে গেছে। এতে বেশকিছু ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, মঙ্গলবার ক্যাম্পে পানি উঠলেও গতকাল সকালে জেনেছি পানি নেমে গেছে। এরপরও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবরাখবর রাখা হচ্ছে। যাতে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়।

বিশুদ্ধ খাবার, পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে রোহিঙ্গারা ঝুঁকিতে আছে কি না জানতে চাইলে ইউএনও বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানানো হবে।