ইয়াবা সেবনকালে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরগুনায় একটি আবাসিক হোটেলের কক্ষে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় গ্রেপ্তার হওয়া বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। গতকাল বুধবার বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বেতাগী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক। বরগুনা সদর থানায় এ-সংক্রান্ত একটি ফৌজদারি মামলা চলমান থাকায় তাকে বরখাস্ত করা হয়।

গত ১২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনায় হোটেল কক্ষে ইয়াবা সেবন ও জুয়া খেলার সময় নজরুল ইসলামসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরপর ২৬ জুলাই জামিনে মুক্তিপান নজরুল ইসলাম ও তার অপর দুই সহযোগী।