করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই দুই খেলোয়াড়কে বিশেষ শিক্ষামূলক ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে বলে দেশটির ক্রিকেট বোর্ড- সিএসএ থেকে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নিজেদের দুই ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায় সিএসএ। তবে আক্রান্ত দুই ক্রিকেটারের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। রিপোর্ট পজিটিভ আসলেও তাদের কোনো শারীরিক জটিলতা নেই।

সিএসএ’র শিক্ষামূলক ক্যাম্পটি শুরু হয়েছে ১৮ আগস্ট থেকে; চলবে ২২ আগস্ট পর্যন্ত। এই ক্যাম্পের জন্য ৫০ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের করোনাভাইরাস টেস্ট করা হয়। এর মধ্যে দুজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।