প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়ে আপ্লুত ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ জানিয়ে তাকে চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে আল্পুত টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।

প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন ধোনি। টুইটারে তিনি লিখেছেন- “একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে। তারা চায় তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ যেন সবার নজর কাড়ে এবং প্রশংসিত হয়। প্রশংসা ও শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া চিঠির প্রতিলিপিও নিজের পোস্ট করেছেন ধোনি। দীর্ঘ সেই চিঠিতে ধোনিকে মোদি লিখেছেন- “আপনার বিদায়ে ১৩০ কোটি দেশবাসী হতাশ ও ব্যথিত, কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সবাই চিরকাল কৃতজ্ঞ থাকবে।”

প্রধানমন্ত্রী ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধোনিকে অবসরজীবনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।

হঠাৎ করেই গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ধোনি। তার নেতৃত্বে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিসহ অসংখ্য সাফল্য পায় ভারত।