দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ চান অর্থমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগকারী আনার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ভূমিকা  নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত লি জ্যাং-কেউনের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। 

অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে কাজ করার বিষয়েও কোরিয়ান নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের আস্থা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে মেঘনায় তৃতীয় সেতুটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।  সেখানেও কোরিয়ান কোম্পানি দাইয়ু আগ্রহ দেখাচ্ছে বলেও তিনি জানান। এ সময় বাংলাদেশে আরও বেশি বিনিয়োগকারী আনার লক্ষ্যে কোরিয়ার রাষ্ট্রদূতকে গুরুত্বপূর্ণ ভূমিকা  নেওয়ার আহ্বান জানান।

লি জ্যাং-কেউন এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন। কোরিয়া থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশের কোরিয়ান দূতাবাসের ভবিষ্যতের ভূমিকার বিষয়ে আশ্বাস দেন। তিনি আরও বলেন, উন্নয়নের অংশীদার হিসেবে কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে।