রিমান্ডের সাত দিন শেষে সাহেদকে হাজিরের নির্দেশ

সাত দিনের রিমান্ড শেষ করে সাহেদকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নির্দেশ দেন।

চলমান সাত দিনের রিমান্ডের চার দিন শেষে তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বিচারক তাকে সাত দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজিরের নির্দেশ দেন।

গত ১০ আগস্ট সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই গতকাল তাকে আদালতে পাঠানো হয়। তবে বিচারক রিমান্ডের সাত দিন মেয়াদ শেষ হওয়ার পর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়।