কয়লাখনি দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। তবে স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়ার আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয় জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর নতুন দিন ঠিক করে দেন।

গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তার সঙ্গে ছিলেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন খান।

বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেনÑ সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (মৃত), সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ (মৃত), খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার (মৃত), এম শামসুল ইসলাম (মৃত), আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।