যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক ৩ লাখ ৮০ হাজার ভিডিও সরাল টিকটক

‘বিদ্বেষ দূরীকরণ’ অভিযানের অংশ হিসেবে চলতি বছর যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে ৩ লাখ ৮০ হাজারে বেশি ভিডিও ক্লিপ সরিয়ে নিয়েছে চীন মালিকানাধীন সোশ্যাল ভিডিও অ্যাপ টিকটক।

নিয়মভঙ্গ করে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর মতো কনটেন্ট নির্মাণ এবং আচরণ দেখানোর অভিযোগে তেরেশোর মতো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। একই অভিযোগে মুখে ফেলা হয়েছে ৬৪ হাজার মন্তব্য।

এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছেন টিকটক ইউএস’র নিরাপত্তা বিষয়ক প্রধান এরিক হ্যান-  “বিদ্বেষ ছড়ানো কনটেন্ট বা ব্যবহার ধরায় শতভাগ সফল হওয়া গেছে কি-না এই সংখ্যা দিয়ে তা বোঝা যাবে না। তবে টিকটক দিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করা আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, টিকটক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের দাবি, চীনা মালিকানাধীন ভিডিওভিত্তিক এই অ্যাপের কারণে হুমকিতে পড়তে পারে মার্কিন নিরাপত্তা।

টিকটককে কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার প্রতিষ্ঠানটির মালিকানা প্রতিষ্ঠান বাইটডান্সকে সময় বেধে নিয়ে সম্প্রতি একটি নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।