মাদারীপুরে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধ বাড়িতে হামলা, আহত ১৫

বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মো. রাসেল কবিরাজ (২৫) নামে এক কৃষকের বসতঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের বাধা দিলে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের কৃষক রাসেল কবিরাজের বসতঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন আসে। এতে বাধা দেন বাড়ির আজিত মাতুব্বর। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্্বিতন্ডা হয়। একপর্যায় আজিত মাতুব্বরের নেতৃত্বে মিঠুনসহ পাঁচ-সাতজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে রাসেল কবিরাজের বসতঘরে হামলা চালায়। তাদের বাধা দিলে রাফিজা বেগম (৫০), নাসরিন (২০), আকলিমাসহ (২৫) কমপক্ষে ১৫ জন আহত হন।

রাসেল কবিরাজ বলেন, আমার ঘরে মিটার লাগাতে গেলে বাধা দেন আজিত মাতুব্বর। পরে তার লোকজন নিয়ে আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে এবং আমাদের পিটিয়ে আহত করে।

আজিত মাতুব্বর বলেন, আমার জায়গার ওপর দিয়ে তাদের মিটার লাগাতে দেব না। কারণ তাদের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ আছে। আর আমরা হামলা চালাইনি। বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।