আঙ্গরপোতা সীমান্ত

বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে যুবককে বিএসএফের গুলি!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে গুলি করে যুবককে আহতের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উমর ফারুককে (৩০) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে উমর ফারুকসহ ৭-৮ জন সীমান্ত পিলার ডিমএপি-১ নম্বরে যান। এরপর তারা ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় দেশটি থেকে গরু আনতে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের ভোটবাড়ী ক্যাম্পের টহলদলের সদস্যরা বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে এসে গুলি চালায়। এতে উমর ফারুক আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। উমর ফারুকের বাহুতে গুলি লেগেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মো. ইছাহাক বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি, নিশ্চিত হতে খবর নেওয়া হচ্ছে। তবে আমার মনে হয়, বিএসএফ সদস্যরা গুলি নয়, তাদের ওপর ককটেল ছুড়েছে।’