চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) সিসিসিআই সদস্যদের জন্য একটি এসএমই হেল্পডেস্ক স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এসএমই হেল্পডেস্কটি ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে। এতে বৃহত্তর চট্টগ্রামের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক এবং প্রয়োজনীয় তথ্য জানার দ্বার উন্মোচিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সিএমএসএমইসের জন্য এই হেল্পডেস্ক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিসিআই সভাপতি ও বিসিইর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহবুবুল আলম এবং ব্র্যাক ব্যাংকের এসএমই প্রধান সৈয়দ আবদুল মোমেন।
হেল্পডেস্কটি এসএমই ফাইন্যান্সিংয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজে, উদ্যোক্তারা কীভাবে আরও অধিগম্যতা পাবেন এবং করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের ফলে নেতিবাচক ব্যবসায়িক প্রভাবগুলো থেকে মুক্তি পেতে পারেন, সে সম্পর্কে সব ধরনের তথ্য সরবরাহ করে বৃহত্তর চট্টগ্রামের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উদ্যোক্তাদের উপকৃত করবে। উদ্যোক্তারা, বিশেষত সিসিসিআইয়ের সিএমএসএমই সদস্যরা এ সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যের জন্য হেল্পডেস্কে কল করতে পারেন। হেল্পডেস্ক থেকে সিএমএসএমই সদস্যদের ঋণ গ্রহণের সুযোগ, প্রয়োজনীয় কাগজপত্র, সরকারি উদ্দীপনা প্যাকেজ সম্পর্কিত তথ্যের পাশাপাশি আরও ভালো আর্থিক পরিচালনার জন্য গাইডেন্স সম্পর্কে যথাযথ তথ্য এবং সহায়তা দেওয়া হবে।