স্থানীয় পর্যায়ে যেকোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পর্যটনের বিষয়টি বিবেচনায় রেখে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনলাইন কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন পর্যটন-সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। পর্যটন আকর্ষণগুলোর নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। পর্যটন গন্তব্যে সম্পৃক্ত সব অপ্রশস্ত রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা প্রণয়ন করে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
করোনাপরবর্তী সময়ে দেশের পর্যটন গন্তব্যগুলোয় পর্যটকের ভিড় বাড়বে। সেজন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে পর্যটকরা যেন সব পর্যটন গন্তব্যে সঠিক ও উপযুক্ত পরিবেশ পান, স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনা ও নাটোর জেলার জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।