বাধ্যতামূলক হচ্ছে ফেইসবুকের নতুন ডিজাইন

আর মাত্র ১০ দিন পর থেকে ‘ক্ল্যাসিক’ সংস্করণের নকশা পুরোপুরি সরিয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। মে মাস থেকে চালু হওয়া নতুন ডিজাইন এত দিন ‘ঐচ্ছিক’ ছিল। মার্ক জাকারবার্গ এক বছর আগে এফ ৮ ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইনের ঘোষণা দেন। ফেইসবুকের সাপোর্ট পেজের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে সব ডেস্কটপ ব্যবহারকারীকেই আপডেটেড লুকে যেতে হবে। এত দিন ইচ্ছা করলেই পুরনো ডিজাইন ব্যবহার করা যাচ্ছিল। নতুন ডিজাইনে গ্রুপ, পাবলিক ও প্রাইভেট স্পেসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কেটপ্লেস এবং গেমিং সেকশনেও বড় পরিবর্তন এসেছে। ফেইসবুক কর্র্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা দিতে তারা ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে। নতুন সংস্করণে ফেইসবুক দ্রুত লোড হবে এবং ডার্ক মোড ব্যবহারের সুযোগ থাকবে। এতে ব্যবহারকারীর চোখের ওপর চাপ পড়বে কম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে জানানো হয়, ফেইসবুকের মোবাইল সংস্করণে ইতিমধ্যে ডার্ক মোড চালু হয়েছে। এখন ডেস্কটপ ব্যবহারকারীরা চাইলে নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মোড চালু করে নিতে পারবেন।